বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহীদুল্লাহ নামের এক নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমা অপ্টোমেট্রিস্ট। আজ রবিবার (১২ জুলাই) উপজেলা সদরের বাঞ্ছারামপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল্লাহ জানান, গত ৭ জুলাই মঙ্গলবার উপজেলা সদরে বাঞ্ছারামপুর সরকারি কলেজের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘হাজী মোকলেসুর রহমান আই কেয়ার’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই অভিযানে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে মোঃ শহীদুল্লাহ বলেন, তাঁর সকল শিক্ষাগত সনদ, নিবন্ধন সনদ (Registration Certificate) এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি সম্পূর্ণ বৈধ ও আইনসম্মত।
তিনি আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে ওষুধ প্রেসক্রাইব (লেখা) করার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে। তিনি এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তদন্ত করার আহ্বান জানান এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জনসম্মুখে তুলে ধরার দাবি জানান। একই সঙ্গে বিভ্রান্তিকর ও অসত্য প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।