অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার। এক মাদক বহনকারীকে আটক এবং প্রায় কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। উপজেলার ছলিমাবাদ ব্রিজ এলাকায় পরিচালিত এ অভিযানে পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম ছলিমাবাদ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক মো. রাসেল হোসেনকে (৩৮) আটক করা হয়।
আটক রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মইনউদ্দিন দুলাল এবং মাতার নাম ফাতেমা বেগম।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের চালানটি অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। অভিযানে ব্যবহৃত প্রায় কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মাদক পরিবহনের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। অবৈধ মাদক পরিবহন ও পাচার রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিদেশি মদের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া মদের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।