ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মাওলাগঞ্জ বাজার মাঠ পরিণত হয় জনসমুদ্রে।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন , সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেখানে একক প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই দলীয়ভাবে সমর্থন দেওয়া হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে এমএ খালেক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় মতিউর রহমান জালু, মম ইলিয়াস, মো. বাদল, তাইবুর রহমান মাসুম, গোলাম হোসেন, অ্যাডভোকেট মহসীন, আবুল কালাম, আমিরুল ইসলাম সাজ্জাদ, মাহবুবুর রহমান, মহিলা দলের সভানেত্রী বিউটি আক্তার, মিনারা বেগম ও শারমিন আক্তার রুমাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৩টি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।