বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তৃণমূলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ, সামনে স্থানীয় সরকার নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চায় দলটি। তাদের মধ্যে রয়েছেন ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থী।
ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই কেন্দ্র থেকে তাদের চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, দলকে সুসংহত করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই বিএনপির এই উদ্যোগ। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজ নিজ এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে বিএনপি। পরে দলে ফিরতে তাদের অধিকাংশই আবেদন করেন।
বিগত জাতীয় নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। তারা হলেন — ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২), ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি (১৯৯০-১৯৯১) কৃষিবিদ ড. মো. সাইদুজ্জামান কামাল (ব্রাহ্মণবাড়িয়া-৬) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।
জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, ভোটের মাঠে বিদ্রোহ এবং পরবর্তী বহিষ্কারের ক্ষত এখনো পুরোপুরি কাটেনি বিএনপিতে। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলে দলটির পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বরং জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃণমূলে বহিষ্কৃত অনেকেই এরই মধ্যে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
বহিষ্কৃত নেতাদের ভাষ্য, জাতীয় নির্বাচনে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছেন। ফলে সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব অটুট রয়েছে।
অন্যদিকে জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় ক্ষমতাসীন বিএনপি। এ অবস্থায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বিরোধ জিইয়ে রেখে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এবার নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে দলকে গোছানো এবং তৃণমূলে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।
দলটির নীতিনির্ধারকদের মতে, সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও নেতাদের অধিকাংশই স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তারা দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিতেও মাঠে রয়েছেন। ফলে তাদের দলে ফিরিয়ে আনতে পারলে সংগঠন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।
বিএনপির কাছে থাকা তথ্য অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে দলটির দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কোথাও কোথাও এই সংখ্যা আরও বেশি। অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠা করা গেলে নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করা সহজ হবে।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, দলে ফিরতে ভুল স্বীকার করে তাদের প্রায় সবাই আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়।
স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন বলেও উল্লেখ করেন রিজভী।