
দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল শুক্রবার বিকাল পাঁচটায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী তিনি এ দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব চালিয়ে যাবেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন নিজেই এসব তথ্য জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে তার কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তিনি তা গ্রহণ করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্র গ্রহণ করে তা জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বলেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই সংবিধান অনুযায়ী প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নিয়েছি। তাই রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গেই সাংবিধানিক বিধান অনুযায়ী আমি দায়িত্ব গ্রহণ করেছি।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় সংসদে স্পিকারের দায়িত্ব কে পালন করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণের সময় যে শপথ নেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে বা স্পিকার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। ফলে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনা করবেন ডেপুটি স্পিকার।
এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্পিকার বলেন, সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভিনন্দন জামায়াতের এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নির্মোহ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন-এমন প্রত্যাশা করে বলেন, যতদিন তিনি এভাবে দায়িত্ব পালন করবেন, আমরা তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংবিধান অনুযায়ী পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান পিপল্স ভয়েজ বিডি.কমকে জানিয়েছেন। তিনি বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদের শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি ২৪ জুলাই পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে ইনশাআল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার নিজেই নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই অনুযায়ী সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে ভোটার তালিকা তৈরি করবে ইসি। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর একাধিক প্রার্থী হলে ভোট হবে, একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
Leave a Reply